11/08/2026
পানাম নগরের ইতিহাস
হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর। আজকের সোনারগাঁওকে প্রাচীন সুবর্ণগ্রাম বলে মনে করা হয়। হিন্দু রাজা দনুজমাধব দশরথ দেব সুবর্ণগ্রামে তাঁর রাজধানী প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনকালে প্রতিষ্ঠার পর থেকে ১৬০০ সাল পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন বাংলার রাজধানী। এই এলাকায় বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপত্য নির্মিত হয়েছে।
রাজধানী ঢাকা থেকে ৩০ কি.মি. দক্ষিণ-পূর্বে পানাম নগরের অবস্থান। উনিশ শতকের গোড়ার দিকে ধনী হিন্দু ব্যবসায়ীদের দ্বারা পানাম নগর গড়ে ওঠে। একটি সরু সড়কের দুপাশে সমতল মোট ৫২টি ভবন এই নগরীতে অবস্থিত। সড়কটি পূর্ব-দক্ষিণে বিস্তৃত এবং প্রায় ৬০০ মিটার দীর্ঘ ও ৫ মিটার প্রশস্ত। ভবনগুলোর অধিকাংশই আয়তাকার এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত। ভবনগুলো একতলা থেকে তিনতলা পর্যন্ত।
স্থাপত্যশৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মুঘল স্থাপত্যরীতির মিশ্রণ লক্ষ্য করা যায়। এছাড়া নির্মাণে স্থানীয় কারিগরদের শিল্পকর্মেরও ব্যবহার ঘটেছে। বিভিন্ন পরিমাপের ইট, চুন ও ইটের গুঁড়া, মোজাইক, রঙিন কাচ, চিনিটিকরি এবং ছাদের কাঠের বীম ব্যবহার করে ভবনগুলো নির্মিত হয়েছে। ভবনগুলোর দুপাশে পুকুর, ঘাট, কূপ ইত্যাদি রয়েছে। কাশীনাথ ভবন (বাংলা ১৩০৫ সালে নির্মিত), নীলহরিকা ভবন এবং অন্যান্য ভবনের অভ্যন্তরে পাওয়া লেখার ভিত্তিতে তাদের নামকরণ করা হয়েছে। পানাম নগরের আশপাশে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে বড় সর্দারবাড়ি, সর্দারবাড়ি, পানাম সেতু, গোয়ালদি মসজিদ, মঠ পোদ্দারবাড়ি, টাকশাল (মিন্ট), গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ইত্যাদি উল্লেখযোগ্য।
Collected