04/07/2026
১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার পর শহরে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। তখন অধিকাংশ মানুষ পুকুর, কূপ ও নদীর পানির ওপর নির্ভরশীল ছিল।
এই সমস্যা সমাধানে তৎকালীন নবাব খাজা আবদুল গনি এবং তাঁর ছেলে খাজা আহসানউল্লাহ আর্থিক সহায়তা করেন। আবদুল গনি প্রায় ১ লাখ টাকা, আহসানউল্লাহ ৫০ হাজার টাকা এবং পৌরসভা আরও প্রায় ৯০ হাজার টাকা ব্যয় করে প্রকল্পটি বাস্তবায়ন করে।
১৮৭৮ সালের ২৪ মে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক-এর উত্তর পাশে নির্মিত এই ওভারহেড পানির ট্যাংক থেকে প্রথমবারের মতো
পাইপলাইনের মাধ্যমে ঢাকাবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়। ট্যাংকটি লাল ইটের তৈরি, প্রায় পাঁচতলা ভবনের সমান উঁচু এবং সে সময়ের প্রকৌশল দক্ষতার একটি অনন্য নিদর্শন। বর্তমানে এটি আর ব্যবহৃত হয় না। দীর্ঘদিন ধরে অবহেলা ও দখলের কারণে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও এটি এখনও ঢাকার ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে৷